আল-বিদা মাহে রমজান: আত্মশুদ্ধি ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকার

ইসলামিক ডেস্ক:বাংলাদেশে এবার পবিত্র রমজান মাস ৩০টি রোজা পালনের মধ্য দিয়ে পরিসমাপ্তির পথে। আজ ছিল শেষ তারাবি নামাজ। এই বিদায়ের মুহূর্তে আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক রমজান থেকে আমরা কী শিখলাম? এই মাসের অর্জিত শিক্ষা কি আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারবে?

রমজান আমাদের শুধু ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার শিক্ষা দেয়নি, বরং দিয়েছে আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও কৃতজ্ঞতার মহিমা। এই মাস আমাদের শিখিয়েছে মিথ্যা, গিবত, অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত থাকতে। ব্যক্তি জীবনে আমাদের এখন প্রতিজ্ঞা করতে হবে, রমজানের পরও আমরা এই অভ্যাসগুলো ধরে রাখব। নামাজের প্রতি যত্নবান হব, অসহায়দের পাশে দাঁড়াব এবং হারাম উপার্জন থেকে নিজেদের রক্ষা করব।

পবিত্র এ শিক্ষায় বলিয়ান হয়ে আমাদের সমাজ জীবনেও বড় ধরনের পরিবর্তন আনা জরুরি। রমজান ছিল ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসা। আমাদের সমাজ থেকে বিদায় নিতে হবে হিংসা-বিদ্বেষ, অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা থেকে। ধনী-গরিবের বৈষম্য কমিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যেভাবে রমজানের ইফতার মাহফিলে সবাই এক কাতারে বসেছিল। দান-খয়রাতের মনোভাব শুধু রমজানে সীমাবদ্ধ না রেখে, সারা বছর ধরে রাখতে হবে। সবচেয়ে বড় কথা, দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার মানসিকতা গড়ে তুলতে হবে।

রমজানের সমাপ্তি নয়, বরং শুরু। এটি আত্মগঠনের একটি মহড়া। এই মহড়ায় আমরা যা শিখেছি, তা যদি সারা বছর কাজে লাগাতে পারি, তবেই আমাদের রোজা ও ইবাদত সার্থক হবে। আসুন, আমরা সবাই ব্যক্তি ও সমাজ জীবনে সৎ, সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাই।-আমিন