
বগুড়া প্রতিনিধি:বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (RDA)-এর পরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. এ. বি. এম. মাহবুব আলমকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।
কৃষিবিদ ড. আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে আরডিএতে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এর আগে পরিচালক, যুগ্ম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পল্লী উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (CDRC) এবং চরাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।
তাঁর এই পদোন্নতিতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে আরডিএর কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে এবং পল্লী উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা নতুন মাত্রা পাবে।
























