স্মার্ট ফিশ ফিডিং ও নিউট্রিজিনোমিক্স: বাংলাদেশের দ্রুত বর্ধনশীল মৎস্য খাতে একটি যুগান্তকারী সম্ভাবনার দ্বার

এগ্রিলাইফ প্রতিবেদক: বাংলাদেশের দ্রুত বর্ধনশীল মৎস্য খাতে স্মার্ট ফিশ ফিডিং, অ্যাকোয়া নিউট্রিশন এবং নিউট্রিজিনোমিক্স একটি যুগান্তকারী সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। পুষ্টিবিদ সাইফি নাসির তার বিশ্লেষণে তুলে ধরেছেন, নিউট্রিজিনোমিক্স এমন একটি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি যা মাছের পুষ্টি এবং জিনের অভিব্যক্তির মধ্যে সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে মাছের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে। এই প্রযুক্তির মাধ্যমে বোঝা যায় কীভাবে বিভিন্ন পুষ্টি উপাদান মাছের শরীরে আণবিক স্তরে কাজ করে এবং জিনের কার্যকারিতাকে প্রভাবিত করে।

প্রচলিত ফিড ফর্মুলেশন যেখানে সাধারণ পুষ্টিগত চাহিদার উপর ভিত্তি করে তৈরি হয়, সেখানে নিউট্রিজিনোমিক্স নির্দিষ্ট প্রজাতির জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী কাস্টমাইজড ফিড ডিজাইন করার সুযোগ সৃষ্টি করে। এর ফলে মাছের পুষ্টি গ্রহণের দক্ষতা বৃদ্ধি পায়, ফিড কনভার্সন রেশিও (FCR) উন্নত হয় এবং রোগের ঝুঁকি কমে যায়। বিশেষ করে ট্রান্সক্রিপ্টোমিক্স, প্রোটিওমিক্স এবং মেটাবোলোমিক্সের মতো ওমিক্স প্রযুক্তি ব্যবহার করে মাছের শরীরে পুষ্টির প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে, যা আধুনিক অ্যাকোয়াকালচারে এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে জানান পুষ্টিবিদ সাইফি নাসির।

পুষ্টিবিদ সাইফি নাসির বলেন, বাংলাদেশের ফিশ ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউট্রিজিনোমিক্সভিত্তিক ফিড উন্নয়নের মাধ্যমে তারা আরও কার্যকর, টেকসই এবং পরিবেশবান্ধব খাদ্য তৈরি করতে পারবে। এতে উৎপাদন খরচ কমবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হবে। একইসাথে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা নির্দিষ্ট প্রজাতির জন্য উচ্চমানের ফিড তৈরি করে নতুন বাজার সৃষ্টি করতে পারবেন।

মৎস্য চাষীদের জন্যও এর গুরুত্ব অপরিসীম উল্লেখ করে পুষ্টিবিদ সাইফি নাসির বলেন নিউট্রিজিনোমিক্সের মাধ্যমে তৈরি ফিড ব্যবহারে মাছ দ্রুত বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মৃত্যুহার কমবে। ফলে উৎপাদন বৃদ্ধি পেয়ে লাভজনকতা নিশ্চিত হবে। এছাড়া পরিবেশগত চাপ যেমন পানির মান বা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়ও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। নিউট্রিজিনোমিক্স গবেষণা ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। প্রতিটি প্রজাতির জন্য নির্ভুল তথ্য সংগ্রহ এবং দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন হয়। পাশাপাশি অপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির মতো বিষয়গুলো সঠিকভাবে বিশ্লেষণ না করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে বলে মত প্রতাশ করেন তিনি।

সবকিছু বিবেচনায়, নিউট্রিজিনোমিক্স বাংলাদেশের অ্যাকোয়াকালচার খাতে একটি বিপ্লব ঘটাতে পারে। সঠিক পরিকল্পনা, গবেষণা এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি দেশের মৎস্য উৎপাদনকে আরও উন্নত, টেকসই এবং লাভজনক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম বলে আশা প্রতাশ করেন পুষ্টিবিদ সাইফি নাসির।