
এগ্রিলাইফ প্রতিবেদক: খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রান্তিক পর্যায়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত বুধবার ১১ মার্চ গাজীপুরের সালনায় গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ উৎপাদন বিষয়ক এক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এলাকার প্রায় ৪০ জন খামারি অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের টেকনিক্যাল হেড ডা. মোঃ শাহাদাত হোসেন, ক্যাটেল ফিড ম্যানেজার মোঃ আকরাম হোসেন এবং জেড এম, জোন–০১ মোঃ শিহানুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বক্তারা গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ উৎপাদনের আধুনিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তারা বলেন, খামার লাভজনক করতে হলে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, বাজার ব্যবস্থাপনা সম্পর্কেও খামারিদের সচেতন হতে হবে, যাতে দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়।
কর্মশালায় অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের বাস্তব সমস্যার সমাধানে অত্যন্ত সহায়ক। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও আধুনিক বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয়ে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়মিত খামারিদের পাশে থেকে কাজ করে যাচ্ছে, যা খামারিদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। খামারিরা মনে করেন, এ ধরনের উদ্যোগ এলাকার গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ উৎপাদন খাতকে আরও গতিশীল ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























