প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকৃবিতে ছাত্রশিবিরের মিষ্টি বিতরণ ও এতিমদের আপ্যায়ন

বাকৃবি প্রতিনিধি :বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ৬ ফেব্রুয়ারি সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হলে হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ এবং এতিম শিশুদের আপ্যায়নের উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রেলওয়ে কলোনি এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার এতিম শিশুদের জন্য এক বেলার খাবারের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ আল মঈন বলেন, ' শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকৃবিতে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেছি। আমাদের ন্যায় ও ইনসাফের সংগ্রামে দীর্ঘ পথচলার এ আনন্দ মুহূর্ত সকলের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করা। পাশাপশি আমরা এতিম বাচ্চাদের এক বেলা খাবারের উদ্যোগ নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'ছাত্রশিবির সর্বদায় দেশের কল্যাণে কাজ করে চলেছে। আমাদের কিছু ভাই দেশের ক্রান্তিলগ্নে নির্ভিকভাবে সামনের সারিতে থেকে শহীদি মর্যাদা পেয়েছে। আজকের দিনে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে শিবিরের সকল নেতৃবৃন্দর সাফল্য কামনা করি।'