
বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‘বেসিকস অফ মাইক্রোসফট অফিস' শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণকক্ষে এ সমাপনী আয়োজিত হয়।
জিটিআই সূত্রে জানা যায়, এগারো দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের মোট ৩০ জন তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকে সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির।
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীরা নিজেদের অর্জিত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। এরপর সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যালয়ের কাজ কম্পিউটার ভিত্তিক হয়ে যাচ্ছে এবং কম্পিউটারের ব্যবহারও বাড়ছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের বেতনসহ অন্যান্য কাজে কম্পিউটারের ব্যবহার বাড়বে। তাই কর্মচারীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও প্রয়োজনীয়।'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রশিক্ষণে যেটুকু শিখেছেন সেটি চর্চার মাঝে রাখবেন। বিশেষ করে মাইক্রোসফটওয়ার্ড এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং কিভাবে ইমেইল করতে হয় কিভাবে ফাইল এটাচ করতে হয়, কিভাবে তথ্য খুঁজতে হয় এই জাতীয় জিনিস শিখে রাখবেন । প্রশাসনকে সহযোগিতা করবেন। এখানে প্রশাসন মানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে। আপনি নিজেও প্রশাসনের বাইরে নন। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রতিটি সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অংশীদার, সুনামের অংশীদার দুর্নামের অংশীদার।
এসময় বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, যে শাখা, হল বা অফিসের সামনে ময়লা থাকবে সেখানের বাজেট এক কথায় টাকা পয়সার ফাইল অনুমোদন দেওয়া হবে না। আমরা পরিচ্ছন্ন ক্যাম্পাস দেখতে চাই। যার যার দায়িত্বপ্রাপ্ত এলাকা পরিচ্ছন্ন রাখবেন। বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই এটি করবেন। সব শেষে বিশ্ববিদ্যালয়ে যেন কোনরকম বিশৃঙ্খলা না হয় সেদিকেও সবসময় খেয়াল রাখবেন।
























