
এগ্রিলাইফ২৪ ডটকম:আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার। সকাল ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের পর শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুরুতে সিভাসু পরিবারের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্যের পর বিভিন্ন অনুষদ, আবাসিক হল, শিক্ষক সমিতি, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন ‘সোনালী দল’, অফিসার সমিতি এবং কর্মচারী ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া, ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় বাদ যোহর সিভাসু জামে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া।
শহিদ দিবসের কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
























