শেকৃবি’তে Netcom Learning কর্তৃক পুরস্কার বিতরণ

শেকৃবি প্রতিনিধি: আজ সকাল ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে Netcom Learning-এর উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে এআই প্রযুক্তি পৃথিবীর মানুষের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ তা ভাবনার বিষয়। এআই প্রযুক্তি ব্যবহার করে কেউ কেউ অপকর্ম ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা বিশ্বব্যাপী হুমকির কারণ হতে পারে। তাই এআইকে অবশ্যই ইতিবাচক ও কল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, কৃষি প্রযুক্তিতে এআই-এর বহুমুখী ব্যবহার রয়েছে। যেমন ফসলে বীজ বপন, কীটনাশক ও সার সঠিক মাত্রা নির্ধারণ এবং উপযুক্ত সময়ে প্রয়োগের ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশ উপকৃত হবে এবং কৃষক লাভবান হবেন।

Netcom Learning কর্তৃপক্ষ Online এ Learning Badges & Certification Program ২০২৫ সালের এপ্রিল মাসে শুরু করে এবং আগস্ট মাসে শেষ করে। এ কর্মসূচিতে দেশের ৮৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী বিজয়ী হন।

বিজয়ীদের মধ্যে আব্দুল্লাহ আল আহসান আলিভ স্মার্টফোন, সানজিদা আক্তার স্মার্টওয়াচ, ইসরাত জাহান ব্লুটুথ স্পিকার, সজিব কুমার পাল হেডফোন, মেহেদি হাসান রতুল ইয়ারবাড, নাইসা নাজিয়াত পাওয়ার ব্যাংক এবং ইশরাত জাহান নেটকম মাইক্রোসফট কিট’ পুরস্কার লাভ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং নেটকম লার্নিং-এর জেরিন তাসনিম মিম ও জোবায়ের আহমেদ সাকিব। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।