
সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ মার্চ ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
ইফতার পূর্বে মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির মাস। এই মাসে আমরা সংযম, সহনশীলতা ও মানবিকতার যে শিক্ষা লাভ করি, তা সারা বছর জীবনে ধারণ করতে হবে। সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার মাধ্যমে আমরা একটি মানবিক ও আদর্শ সমাজ গড়ে তুলতে পারি।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। এই মাস কেবল রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের নৈতিকতা, সহমর্মিতা ও মানবিকতার চর্চার এক অনন্য সুযোগ।“শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক শিক্ষাকেও গুরুত্ব দিই। রমজান আমাদের সেই নৈতিক ভিত্তিকে আরও দৃঢ় করার প্রেরণা যোগায়।”আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ৫ শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
























