
কৃষিবিদ ড. এস.এম. রাজিউর রহমান
ভূমিকা
বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির সাথে যদি প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যক্রমের সমন্বয় ঘটানো যায়, তবে বৃক্ষরোপণ আন্দোলন একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং প্রাণিখাদ্য সংকট সমাধানের একটি অনন্য মডেলে পরিণত হতে পারে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি হলো গবাদি প্রাণি পালন। কিন্তু বর্তমানে এই খাতটি গুরুতর খাদ্য সংকটের মুখোমুখি। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে চারণভূমি কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক ঘাসের প্রাপ্যতা হ্রাস পাওয়ায় কৃষকদের জন্য প্রাণিপালন ক্রমেই কঠিন হয়ে উঠছে।
বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রায় ৮৭ শতাংশ কৃষক তাদের গবাদি প্রাণিকে নিম্নমানের ধানের খড় খাওয়াতে বাধ্য হন, যা প্রাণীর উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং অতিরিক্ত মিথেন গ্যাস নির্গমনের কারণ হয়। এই বাস্তবতায় প্রথাগত প্রাণিপালনের সীমাবদ্ধতা অতিক্রম করে বৃক্ষরোপণকে একটি কার্যকর সমাধান হিসেবে ব্যবহার করার সময় এসেছে। ২০২৬ সালের মে মাস থেকে শুরু হতে যাওয়া এই বৃহৎ কর্মসূচিতে খাসজমি, রাস্তার দুপাশ এবং চরাঞ্চলে গোখাদ্য উৎপাদনকারী গাছ লাগানোর পরিকল্পনা যুক্ত করা হলে তা প্রাণিখাদ্য সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর উদ্যোগ এই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার একটি বড় সুযোগ তৈরি করেছে।
বাংলাদেশে প্রাণিজ প্রোটিনের ঘাটতি পূরণ এবং একটি সুস্থ, মেধাবী ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে প্রাণীপালন খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি। মানুষের খাদ্যতালিকায় পর্যাপ্ত দুধ, মাংস ও ডিমের সরবরাহ নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণিপালনের উন্নয়ন ঘটাতে হবে। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন ঘাস, গাছের পাতা ও ফডার উৎপাদনকারী বৃক্ষ প্রাণীর খাদ্য সরবরাহ বাড়ায়, ফলে প্রাণীর স্বাস্থ্য উন্নত হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাই পরিবেশ সংরক্ষণ এবং প্রাণিখাদ্যের নিশ্চয়তা—দুই লক্ষ্য পূরণেই ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বর্তমান সরকারের একটি যুগোপযোগী পদক্ষেপ।
খাদ্য সংকট নিরসনে বৃক্ষরোপণ ও সিলভোপাস্টোরাল সিস্টেম
বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, বরং গবাদি প্রাণির জন্য উচ্চমানের গোখাদ্য উৎপাদনেরও একটি কার্যকর মাধ্যম। আধুনিক কৃষি ব্যবস্থায় এটিকে বলা হয় সিলভোপাস্টোরাল সিস্টেম (Silvopastoral System)—যেখানে একই জমিতে পরিকল্পিতভাবে গাছ, লতাগুল্ম এবং ঘাস চাষ করা হয় এবং সেখানে গবাদি প্রাণি পালন করা হয়।
এই পদ্ধতিতে লাগানো বিভিন্ন ধরনের ফডার গাছ—যেমন ইপিল-ইপিল, সজনে, কাঁঠাল, বাবলা ও ডুমুর—দীর্ঘমেয়াদে প্রাণিখাদ্যের স্থায়ী উৎস হিসেবে কাজ করতে পারে। এতে একদিকে যেমন গবাদি প্রাণির খাদ্য সরবরাহ নিশ্চিত হয়, অন্যদিকে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। বাংলাদেশের শাল বনাঞ্চল, পাহাড়ি এলাকা, উপকূলীয় অঞ্চল এবং চরাঞ্চলে এই পদ্ধতির বিপুল সম্ভাবনা রয়েছে।
সিলভোপাস্টোরাল সিস্টেমের বহুমুখী সুফল
এই সমন্বিত কৃষি পদ্ধতি বাংলাদেশের জন্য বহুমুখী সুবিধা বয়ে আনতে পারে।
উৎপাদনশীলতা বৃদ্ধি: গবেষণায় দেখা গেছে, উন্মুক্ত মাঠের তুলনায় ছায়াযুক্ত চারণভূমিতে পালন করা গবাদি প্রাণির দুধ উৎপাদন প্রায় ১৫–২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। গাছের ছায়া প্রাণির তাপজনিত চাপ (হিট স্ট্রেস) কমিয়ে তাদের স্বাস্থ্য ও উৎপাদনক্ষমতা বৃদ্ধি করে।
কার্বন নির্গমন হ্রাস ও শোষণ: গবাদি প্রাণি থেকে নির্গত মিথেন গ্যাস জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং সিলভোপাস্টোরাল পদ্ধতি ব্যবহার করলে এই নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ফডার গাছ চাষের মাধ্যমে প্রতি হেক্টরে বছরে প্রায় ২.৫ থেকে ৪ টন কার্বন ডাই অক্সাইড শোষণ করা যেতে পারে।
মাটির উর্বরতা বৃদ্ধি: গাছের শিকড় মাটির ক্ষয় রোধ করে এবং মাটির জৈব উপাদান বৃদ্ধি করে, ফলে ঘাস ও অন্যান্য ফসলের উৎপাদন বাড়ে। এতে ক্ষয়প্রাপ্ত জমি পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং কৃষি উৎপাদন আরও টেকসই হয়ে ওঠে।
কার্বন ট্রেডিং: অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দুয়ার
বৃক্ষরোপণ ও টেকসই প্রাণিপালন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজার থেকে অর্থ সংগ্রহের একটি বড় সুযোগ পেতে পারে। যখন কোনো দেশ বা কৃষক বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে, তখন সেই শোষিত কার্বনের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘কার্বন ক্রেডিট’ হিসেবে স্বীকৃতি পায় এবং তা আন্তর্জাতিক বাজারে বিক্রি করা সম্ভব হয়। এটি মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা (MCPP) ২০২২-২০৪১ এবং হালনাগাদ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (NDC) ২০২১-এর লক্ষ্যমাত্রার সাথে নিবিড়ভাবে সামঞ্জস্যপূর্ণ।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ, বন সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ এই বাজারে অংশগ্রহণ করে বৈদেশিক অর্থ আয় করতে পারে। এতে পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন—দুই লক্ষ্যই একসাথে অর্জন করা সম্ভব।
বৃক্ষরোপণ ও বনায়নের ভূমিকা
কার্বন অর্থনীতিতে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। Afforestation (নতুন বন সৃষ্টি), Reforestation (পুনঃবনায়ন) এবং ম্যানগ্রোভ সংরক্ষণকে আন্তর্জাতিকভাবে প্রকৃতি-ভিত্তিক সমাধান হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ ইতোমধ্যে ২০৩০ সালের মধ্যে দেশের বৃক্ষ আচ্ছাদিত এলাকা প্রায় ২২.৩৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
এই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে শুধু পরিবেশগত ভারসাম্য রক্ষা হবে না, বরং আন্তর্জাতিক কার্বন বাজারে অংশগ্রহণের সুযোগও বাড়বে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও সম্প্রসারণ জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং কার্বন শোষণের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।
টেকসই কৃষি ও প্রাণিপালন
কার্বন ক্রেডিটের আলোচনা সাধারণত বনায়নের সাথে বেশি যুক্ত থাকলেও কৃষি ও প্রাণিপালন খাতেও এর সম্ভাবনা বাড়ছে। কৃষি, বন ও অন্যান্য ভূমি ব্যবহার (AFOLU) খাত থেকে মিথেন ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক প্রাণিপালন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই নিঃসরণ হ্রাস আন্তর্জাতিক কার্বন বাজারে ক্রেডিট হিসেবে স্বীকৃতি পেতে পারে, যা কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে।
কার্বন ক্রেডিট থেকে প্রাপ্ত অর্থ প্রান্তিক কৃষক ও খামারিদের প্রযুক্তিগত উন্নয়ন, উন্নত প্রাণিখাদ্য উৎপাদন এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে বিনিয়োগ করা যেতে পারে। এতে কৃষি ও প্রাণিপালন খাত আরও উৎপাদনশীল এবং জলবায়ু সহনশীল হয়ে উঠবে।
সফলতার উদাহরণ
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে এই সমন্বিত পদ্ধতির সফল প্রয়োগ দেখা যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সাতক্ষীরা, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের কুল, পেয়ারা, মাল্টা, আমবাগানে এবং সিলেট ও চট্টগ্রামের কমলালেবু বাগানে সমন্বিত প্রাণিপালন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। উপকূলীয় চরাঞ্চলেও বৃক্ষ ও ঘাসের সমন্বয়ে গবাদি প্রাণিপালন জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করছে এবং কৃষকদের অতিরিক্ত আয় নিশ্চিত করছে।
উপসংহার
গবাদি প্রাণির খাদ্য সংকট শুধু একটি কৃষি সমস্যা নয়; এটি একটি পরিবেশগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জও। সিলভোপাস্টোরাল পদ্ধতির মাধ্যমে বৃক্ষরোপণ এই সংকটের একটি টেকসই ও কার্যকর সমাধান হতে পারে। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে যদি গোখাদ্য উৎপাদন ও কার্বন ট্রেডিংয়ের সাথে যুক্ত করা যায়, তবে বাংলাদেশ একদিকে প্রাণিখাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে, অন্যদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে একটি শক্তিশালী ও স্বচ্ছ মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বৃক্ষরোপণ থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতিটি ধাপ যথাযথভাবে তদারকি করা যায়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে তা শুধু সবুজায়নই নয়, বরং পরিবেশ, কৃষি ও অর্থনীতির এক সমন্বিত সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























