
এগ্রিলাইফ২৪ ডটকম: অদ্য ৫ ফেব্রুয়ারি ২০২৬, নরসিংদী জেলার বেলাবো উপজেলার আমতলী গ্রামে প্রথমবারের মতো কৃষকের মাঠে কৃষিতে স্প্রে ড্রোন প্রযুক্তির পাইলট কার্যক্রমের ডেমোনেস্ট্রেশন শুরু হয়েছে।
এই পাইলট কার্যক্রমটি স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় যৌথভাবে পরিচালনা করছে জিনিয়াস ফার্মস লিমিটেড ও ফ্লাইমেক নামক প্রতিষ্ঠান। কার্যক্রমটি আগামী তিন মাসব্যাপী কৃষকদের ফসলের মাঠে চলমান থাকবে।
এই পাইলট প্রকল্পের মাধ্যমে কৃষকের ফসলে স্প্রে ড্রোন পদ্ধতি ব্যবহার করা হলে কীটনাশক স্প্রে-জনিত কারণে কৃষকের স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি কৃষকদের সময় ও খরচ সাশ্রয় হবে, অনাকাঙ্ক্ষিত কীটনাশকের ব্যবহার হ্রাস পাবে এবং নিরাপদ ও পরিবেশবান্ধব ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেমোনেস্ট্রেশন কার্যক্রমে কৃষকের বেগুন ক্ষেতে ড্রোনের মাধ্যমে বালাইনাশক স্প্রে করার বাস্তব দৃশ্য প্রদর্শন করা হয়। এ সময় শতাধিক কৃষক-কৃষাণী, যুবসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্লাইমেক-এর সিইও, জিনিয়াস ফার্মস লিমিটেডের হেড অফ এগ্রিকালচার মি. সমীরণ বিশ্বাস, এবং রাজশাহী জেলার উপ-পরিচালকের কার্যালয়ের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী।
এই কার্যক্রম কৃষকদের মধ্যে কৃষিতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আধুনিক ও টেকসই কৃষির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
























