
মো. এমদাদুল হক: আজ ৩১ মার্চ, মঙ্গলবার কৃষি তথ্য সার্ভিস রাজশাহী অঞ্চলের কনফারেন্স রুমে কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর আয়োজনে ‘‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তি নির্ভর কৃষি সম্প্রসারণে কৃষি তথ্য সার্ভিসের কার্যকর ভূমিকা ও সম্ভাবনা” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রাজশাহী অঞ্চলের আওতাধীন রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা অফিসসমূহ, বীজ প্রত্যয়ন এজেন্সি, সরেজমিন গবেষণা বিভাগ, বিএডিসি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ বেতার, কৃষি বিপণন অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, তুলা উন্নয়ন বোর্ড, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, ফল গবেষণা ইনস্টিটিউট, সুগারক্রপস গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, উদ্যোক্তা, শিক্ষক, এআইসিসির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার পরিচালক কৃষিবিদ মো: মসীহুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ শফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ ইয়াসিন আলী। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা কৃষিবিদ মোছা: ফরিদা ইয়াছমিন। তিনি কৃষি তথ্য বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা এবং গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের চেয়ারম্যান ও কৃষি অনুষদের অধ্যাপক ড. মো: মাহমুদুল হাসান এবং পাবনা, ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ মো: আব্দুল্লাহ হিল-কাফি।
আলোচকগণ তাদের উপস্থাপনায় আধুনিক কৃষি যন্ত্র ও প্রযুক্তির ব্যবহারে দেশের কৃষি খাতে ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। পাশাপাশি সঠিক কৃষি তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে মতামত প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের কৃষি খাত প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং এ অগ্রগতিকে আরও বেগবান করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি কৃষি মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো: মসীহুর রহমান বলেন, কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ফলে সংবাদপত্রে কৃষি বিষয়ক সংবাদ নিয়মিত প্রকাশিত হচ্ছে। তিনি সহজ, সঠিক ও নির্ভুল তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা সঠিক ও নির্ভুল কৃষি তথ্য প্রচারের ব্যবস্থাকে আরও জোরদার করার অনুরোধ জানান।
























