
এগ্রিলাইফ প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলার এস.এস ফিস ফিড-এর উদ্যোগে মৎস্য চাষ বিষয়ক এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রায় ৪০ জন মৎস্য খামারি অংশগ্রহণ করেন। খামারিদের আধুনিক ও লাভজনক মাছ চাষ সম্পর্কে প্রশিক্ষণ দিতে এই কর্মশালার আয়োজন করে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং কৃষিবিদ নুরুদ্দিন ফয়সাল। এছাড়া উপস্থিত ছিলেন ডা. মোঃ শাহাদাত হোসেন, হেড অব টেকনিক্যাল, মোঃ নজরুল ইসলাম, এজিএম জোন-০২ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, টেকসই ও লাভজনক মৎস্য চাষের জন্য সঠিক পুকুর প্রস্তুত, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানির গুণাগুণ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুরে অতিরিক্ত মাছ না ছাড়া, নির্দিষ্ট সময়ে খাদ্য প্রদান, রোগ প্রতিরোধে সঠিক ব্যবস্থাপনা এবং প্রয়োজন অনুযায়ী ভিটামিন ও মিনারেল ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পায় এবং খরচ কমে।
প্রশিক্ষণে আরও আলোচনা করা হয় যে, উন্নতমানের ফিড ব্যবহার করলে মাছ দ্রুত বৃদ্ধি পায়, মৃত্যুহার কমে এবং কম সময়ে বাজারজাত করা সম্ভব হয়। খামারিদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নিয়মিত পুকুর পর্যবেক্ষণ, সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে মাছ চাষে অধিক লাভ অর্জন করা সম্ভব।
এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, পাবনার সাঁথিয়া এলাকায় টেকসই মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও মানসম্মত ফিড সরবরাহ করে যাচ্ছে। এ ধরনের কর্মশালা ভবিষ্যতেও চলমান থাকবে, যাতে মৎস্য খামারিরা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে অধিক উৎপাদন ও লাভ নিশ্চিত করতে পারেন।
























