
এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে ‘Induction to laboratory safety for post-graduate students’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। রবিবার বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন পিআরটিসি’র পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির।
উচ্চ শিক্ষার্থে বিদেশি বিশ্ববিদ্যালয়ের উন্নত ল্যাবরেটরিতে কাজ করার সময় পিআরটিসি কর্তৃক আয়োজিত উক্ত প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান আশাবাদ ব্যক্ত করেন। শেষে উপাচার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিভাসু’র প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির, প্রফেসর ড. আব্দুল আহাদ, প্রফেসর ড. সোহেল আল ফারুক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ইনকেয়াজ উদ্দিন এবং আইসিডিডিআর,বি’র বায়োসেফটি অফিসের প্রধান ড. আসাদুল গণি।
























