
এগ্রিলাইফ২৪ ডটকম: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় বাংলা নববর্ষ-১৪৩৩। নববর্ষকে বরণ করে নিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।
সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের উপস্থিতিতে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা উপাদান যেমন পাপেট, মুখোশ, আলপনা এবং দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল উল্লেখযোগ্য।
এবার বাংলা নববর্ষ-১৪৩৩ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয় “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার”। অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে সকাল ১০:৩০ টায় উপাচার্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক চেতনার প্রতীক। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, সংস্কৃতিবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বৈশাখী স্টল পরিদর্শন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা তাদের সৃজনশীল পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে সমগ্র ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উৎসবস্থল সকলের জন্য উন্মুক্ত রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের চেতনা জাগ্রত রাখতে তারা অঙ্গীকারবদ্ধ থাকবে।
























