
সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক প্রকাশনা জার্নাল অব দ্য সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি (জেএসএইউ) এর ভলিউম ১২ ইস্যু ১ – ২ প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) জেএসএইউ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
জেএসএইউ এর প্রধান সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী পরিচালক এবং জেএসএইউ এর নির্বাহী সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, এই জার্নালটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমকে আন্তর্জাতিক মানে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে কৃষি অঙ্গাঙ্গিভাবে জড়িত। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি খাতের সামগ্রিক উন্নয়নের জন্য মানসম্মত গবেষণা অত্যন্ত জরুরি। এই জার্নালের মাধ্যমে কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত মৌলিক ও প্রয়োগধর্মী গবেষণার ফলাফল দেশ-বিদেশের গবেষক ও নীতিনির্ধারকদের কাছে পৌঁছে যাবে।
























