
মোছাঃ সুমনা আক্তারী: গত ২০ এপ্রিল/২০২৬ নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো মৌসুমে নলডাঙ্গা উপজেলার হালতি বিল মাঠে নমুনা শস্য কর্তনের বোরো ধান কাটা মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাম খান। সভাপতি হিসেবে ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সবুজ আলী ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মোস্তাক আহম্মেদ।
তাঁরা আনুষ্ঠানিকভাবে পাকা সোনালী ধান কেটে মৌসুমের শুভ সূচনা করেন এবং কৃষকদের উৎসাহ প্রদান করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, কৃষকরা হচ্ছেন দেশের প্রাণ। তাদের শ্রমের বিনিময়ে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন আর কৃষকদের পাশে রয়েছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কৃষক কার্ড বিতরণ সহ কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেওয়াসহ ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রাংশ কৃষকদের মধ্যে সরবরাহ করছেন এবং কৃষক কার্ড থাকলে হাতে সুবিধা পাবেন সাথে সাথে। এই সহযোগীতার ফলে কৃষকদের উন্নয়ন হচ্ছে।
তিনি আরো বলেন, কৃষক-শ্রমিক সবাইকে সরকারি নির্দেশনা মানার পাশাপাশি মেনে চলতে হবে। কৃষি কর্ম কাজে শ্রমিকদের যাতে সমস্যা না হয়। বাংলাদেশ সরকার কৃষক কার্ডের মাধ্যমে প্রায় ১ কোটি ৬৫ লাখ কৃষককে সরাসরি কৃষি সহায়তা ও ডিজিটাল সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এটি একটি স্মার্ট কার্ড। কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে ।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা যেসব সেবা পাবেন-সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রদান। ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ।স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তির সুবিধা। ন্যায্যমূল্যে সেচ সুবিধা। সহজ শর্তে কৃষিঋণ। কৃষি বীমা সুবিধা। কৃষি বিষয়ক প্রশিক্ষণ। ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা। মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য প্রাপ্তি । মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা রাখা হয়েছে কৃষকদের জন্য।
বোরো মৌসুমে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে ধানের আবাদি জমি ৫৫০০ হেক্টর সেখানে খোলাবাড়ি গ্রামের কৃষক মোঃ আবু তালেব এর জমিতে জিরাশাইল জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়। কর্তন শেষে মাড়াই-ঝাড়াই করে ধানের ফলন হেক্টরে ৭.৫৭ মেট্রিক টন পাওয়া যায়।
ধান কর্তন উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
























