
এগ্রিলাইফ২৪ ডটকম:প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন ও এনিমেল হেলথ সেক্টরকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে নবনিযুক্ত ডিএলসি’র মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান-কে শুভেচ্ছা জানিয়েছে বায়ো কেয়ার এগ্রো লিমিটেড। গত রবিবার (১২ এপ্রিল) মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বায়ো কেয়ার এগ্রো লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মো: সাখাওয়াত হোসেন এবং ডিরেক্টর মার্কেটিং মোঃ শরীফ হোসেন।
সাক্ষাৎকালে দেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং এনিমেল হেলথ সেক্টরের টেকসই উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা উল্লেখ করেন, সরকার ও এনিমেল হেলথ সেক্টরে কর্মরত সকলের সমন্বিত প্রচেষ্টায় দুধ, মাছ, মাংস ও ডিম উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। একইসঙ্গে উৎপাদক ও ভোক্তা উভয় পক্ষের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বায়ো কেয়ার এগ্রো লিমিটেডের প্রতিনিধিবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের প্রাণিসম্পদ খাত আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বিশ্বাস করেন, সরকারি উদ্যোগ ও বেসরকারি খাতের সমন্বয়ে এনিমেল হেলথ সেক্টরকে একটি শক্তিশালী ও টেকসই অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।
























