এক প্রেমিকা‌কে নি‌য়ে দুই গ্রু‌পের সংঘর্ষ, বি‌ধি তু‌মি ব‌লে দাও সে কার

বাকৃবি প্রতিনিধি:১৯৯৬ সালের এন্ড্রু কিশোর ও কনকচাঁপার জনপ্রিয় গান ‘বিধি তুমি বলে দাও আমি কার’ যেখানে শা‌কিব খান ও আ‌মিন খা‌নের শাবনূ‌রের মন পাওয়ার প্রতিযোগিতা ছিল । ত‌বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঘটেছে এর ব্যতিক্রম এক বাস্তব ঘটনা। বিশ্ব‌বিদ্যালয়ের কৃষি অনুষদের ৬৪ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে একই ব্যাচের কৃষি অনুষদের এক ছাত্র এবং পশুপালন অনুষদের ৬৩ ব্যাচের আরেক ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে কৃষি অনুষদের ৬৩ ও ৬৪ ব্যাচের জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পরবর্তী অনুষ্ঠান স্থগিত করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, কৃষি অনুষদের ৬৪ ব্যাচের এক ছাত্র এবং একই ব্যাচের এক ছাত্রী দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু পশুপালন অনুষদের ৬৩ ব্যাচের এক শিক্ষার্থী ওই ছাত্রীকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করছিলেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টরা আলোচনায় বসলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যেও।

ব্যক্তিগত বিষয়কে হল পর্যন্ত টেনে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করে অনুষ্ঠান স্থ‌গিত করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পরবর্তীতে প্রক্টরিয়াল বডির সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনী ও সিনিয়র শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।