
ইসলামিক ডেস্ক: পবিত্র কুরআনের সুরা আল-আনআম (৬) এর ৩৮ নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে, পৃথিবীতে বিচরণকারী সকল প্রাণী এবং দুই ডানায় উড়ন্ত সকল পাখি মানুষের মতোই স্বতন্ত্র জাতি বা সম্প্রদায়। আয়াতে আরও বলা হয়েছে, কিতাবে (লাওহে মাহফুজে) আল্লাহ কোনো কিছুই বাদ দেননি বা ত্রুটি রাখেননি। অতঃপর সকল সৃষ্টিকে তাদের রবের কাছে একত্রিত করা হবে।
এই আয়াতের ব্যাখ্যায় ইসলামী স্কলারর জানান, লাওহে মাহফুজ হলো আল্লাহ তাআলার জ্ঞানের একটি সংরক্ষিত ফলক, যাতে মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ঘটতে যাওয়া প্রতিটি ঘটনা, প্রতিটি প্রাণীর অস্তিত্ব ও কর্মের বিবরণ নিখুঁতভাবে লিপিবদ্ধ আছে। এটি কোনো সাধারণ কিতাব নয়; বরং এটি আল্লাহর চিরন্তন ও অপরিবর্তনীয় জ্ঞানের ভাণ্ডার। কুরআনে একে “ইমামুম মুবিন” (স্পষ্ট নিদর্শন) এবং “কিতাবুম মারফুজ” (উন্নত সম্মানিত কিতাব) বলেও অভিহিত করা হয়েছে।
পবিত্র কুরআনের বাণী অনুযায়ী, লাওহে মাহফুজে সৃষ্টিজগতের পুরো বৃত্তান্ত সংরক্ষিত থাকায় কোনো কিছুই আল্লাহর জ্ঞান ও বিধানের বাইরে নয়। আর সেই জ্ঞানের ভিত্তিতেই কিয়ামতের দিন সকল সৃষ্টিকে তাদের আমল অনুযায়ী বিচারের জন্য সমবেত করা হবে।
























