চার শতাধিক শিক্ষার্থী নিয়ে বাকৃবি পশুপালন অনুষদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল

বাকৃবি প্রতিনিধি:পবিত্র রমজানের মহিমায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে বাকৃবি পশুপালন অনুষদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষদের বিভিন্ন বর্ষের চার শতাধিক শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ অ্যানিমেল হাজব্যান্ড্রি স্টুডেন্টস ফেডারেশন (বিএএইচএসএফ)। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় বিএএইচএসএফের সভাপতি শেখ মো. মিরাজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলামসহ অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, রমজানের পবিত্রতা ও আত্মিক শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেখ মো. মিরাজ উদ্দিন বলেন, এই পুনর্মিলনী ও ইফতার মাহফিল নিঃসন্দেহে শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন আরও দৃঢ় করবে। আমাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য ভবিষ্যতে আরও বিভিন্ন আয়োজন করা হবে। এই সংগঠনটিকে আরও এগিয়ে নিতে সব বর্ষের শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।