
বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফজলুল হক হলের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ ইফতার কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আজ শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় হল প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখার সেক্রেটারি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন। এছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও হলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে ছাত্রশিবিরের বাকৃবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে হয়। ফলে রমজান মাসে একাকী ইফতার করা অনেকের জন্যই কষ্টসাধ্য হয়ে ওঠে। সেই অনুভূতি থেকে শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে এই ইফতার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে এমন কর্মসূচি আয়োজনের চেষ্টা করা হবে।
























