
সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমাদের অর্থনীতি, পুষ্টি এবং জীবিকায় মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্লু ইকোনমি বা সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। আমাদের দেশের মৎস্যখাতের সাফল্য, সম্ভাবনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘ফিসারিজ কার্নিভাল ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন , বিশ্বে বাংলাদেশ ইলিশ উৎপাদনে ১ম, অভ্যন্তরীন মুক্তজলাশয়ে মাছ উৎপাদনে ৩য়, তেলাপিয়া উৎপাদনে ৪র্থ ও অ্যাকুয়াকালচারে ৫ম। তবে আমাদের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে-জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, এবং প্রাকৃতিক দুর্যোগ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। টেকসই মৎস্যচাষ নিশ্চিত করতে আমাদের পরিবেশ রক্ষা ও সচেতনতা বাড়াতে হবে।
২৭ এপ্রিল (সোমবার) মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের পাম এক্সপার্ট ডেনিস গো-ফেইজ।
‘ফিসারিজ কার্নিভাল ২০২৬’ উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণ হতে একটি বর্ণিল আনন্দ র্যালী বের হয়। এতে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিভিন্ন রঙিন মাছের ফেস্টুন, নানা ধরণের মাছ ধরার সরঞ্জাম নিয়ে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও প্রধান গেট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার প্রমুখ।
র্যালী শেষে আলোচনা অনুষ্ঠানে সিলেট অঞ্চলে মৎস্য সম্পদের অগ্রগতি: প্রতিবন্ধকতা, সম্ভাবনা এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের কৌশলগত ভূমিকা শীর্ষক উপস্থাপনা করেন মাৎস্যচাষ বিভাগের প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়া, ‘স্টার্টআপ টু স্কেলআপ অ্যাকুয়াপ্রেনারশিপ’ শীর্ষক উপস্থাপন করেন জাওয়াদ এগ্রো লিমিটেডের প্রোপাইটর মোঃ নাজমুস সাকিব।
সবশেষে সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
























