পাবনা সদরে ৮০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ গোলাম আরিফঃ আজ সোমবার ২৭ এপ্রিল পাবনা সদর উপজেলায় ৮০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ শৈলেন কুমার পাল। এসময় সম্মানিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাবনা সদরের সাবেক সভাপতি এ কে এম মূসা। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহাবুর রহমান; সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম ও উপজেলা সমবায় অফিসার মোঃ রবিউল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে দীর্ঘমেয়াদী এবং আধুনিক পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সরকার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের প্রি পাইলটিং এর শুভ উদ্বোধন করেছেন। যাতে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রশিক্ষণ এবং কৃষি ঋণের সুবিধা নিশ্চিত হয়।

বক্তারা আরো বলেন, কৃষক বাচঁলে দেশ বাচঁবে। তাই দেশের কৃষকদের উৎসাহিত ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে আমানত হিসেবে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হচ্ছে। আপনারা এই বীজ এবং সার দিয়ে মাঠে ফসল উৎপাদন করবেন। বিনামূল্যে পাওয়া এই বীজ এবং সার অপব্যবহার করবেন না। প্রণোদনার মাধ্যমে পাওয়া বীজ ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার করে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনা সদর উপজেলার দশটি ইউনিয়নের মোট ৮০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার প্রদান করা হয়। এ সময় প্রতিজন চাষীকে ০৫ কেজি ব্রি ধান ৯৮ জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, দশটি ইউনিয়নের কৃষক-কৃষাণীসহ প্রিন্ট ও ইলেকট্রেনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।