
এগ্রিলাইফ প্রতিবেদকঃ খামারিদের দক্ষতা বাড়াবে এবং নিরাপদ ও লাভজনক পোল্ট্রি শিল্প গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নড়াইল জেলার কালিয়া উপজেলায় এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে একটি খামার বিষয়ক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। “শীতকালীন মুরগির ব্যবস্থাপনা” শীর্ষক এ কর্মশালায় স্থানীয় প্রায় ৪০ জন খামারি অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ শাহাদাত হোসেন, হেড অব টেকনিক্যাল। এছাড়াও কারিগরি আলোচনা উপস্থাপন করেন কৃষিবিদ ভবেশ চন্দ্র রায় এবং কৃষিবিদ মফিজুর রহমান, টেকনিক্যাল ম্যানেজার, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কর্মশালায় শীতকালীন আবহাওয়াজনিত বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শীতের সময় ঠান্ডার ওঠানামা, তাপমাত্রা নিয়ন্ত্রণে ঘাটতি, শ্বাসতন্ত্রের সমস্যা, ফিড গ্রহণ কমে যাওয়া এবং রোগের ঝুঁকি বৃদ্ধি এসব বিষয় মুরগি পালনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, খামারকে সত্যিকার অর্থে লাভজনক করতে হলে কেবলমাত্র ভালো মানের বাচ্চা ও উন্নত খাবার ব্যবহার করলেই যথেষ্ট নয়। এর পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা, নিয়মিত মনিটরিং, বায়ো-সিকিউরিটি জোরদার করা, লিটার ম্যানেজমেন্ট, পর্যাপ্ত ভেন্টিলেশন ও আলো ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
কর্মশালায় অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের কারিগরি কর্মশালা তাদের বাস্তব সমস্যার সমাধানে খুবই সহায়ক। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও আধুনিক বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয়ে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়মিত খামারিদের পাশে থেকে কাজ করে যাচ্ছে, যা খামারিদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
























