
শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) টিএসসি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত মিলনায়তনে এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবম ব্যাচের ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “তোমরা দীর্ঘ পাঁচ বছর পরিশ্রম করে অত্যন্ত সফলতার সঙ্গে এই ডিগ্রি শেষ করতে যাচ্ছ এর জন্য তোমাদের সাধুবাদ জানাই। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের এ ধরনের ইন্টার্নশিপ কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ, ব্যবহারিক জ্ঞান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়।”
এ বছর এএসভিএম অনুষদের মোট ১০৮ জন শিক্ষার্থী বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি ভিন্ন দেশে সরাসরি ইন্টার্নশিপ কার্যক্রমে অংশগ্রহণ করে। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ৪৯ জন শিক্ষার্থী বিদেশে ইন্টার্নশিপ সম্পন্ন করেছে, যা অনুষদের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দেশভিত্তিকভাবে নেপালে ১৩ জন, থাইল্যান্ডে ১৩ জন, মালয়েশিয়ায় ১৭ জন, জাপানে ১ জন এবং ভিয়েতনামে ৫ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ কার্যক্রমে অংশগ্রহণ করে। অপরদিকে, বাকি শিক্ষার্থীরা দেশের অভ্যন্তরে ১৭টি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় প্রতিষ্ঠানে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজার মোঃ মৃদুল কবিরাজ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতে ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৪ বিষয়ক একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ফাহমিদা বৃষ্টি ও আরাফাত হোসেন তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টার্নশিপ প্রোগ্রামের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. শরিফা জাহান এবং কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোঃ মহব্বত আলীসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাণী উৎপাদন ও ভেটেরিনারি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে এবং বিদেশ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশের প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
























